পবিপ্রবিতে মিউজিক ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু | Daily AjKaler Kontho

পবিপ্রবিতে মিউজিক ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
পবিপ্রবিতে মিউজিক ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথমবারের মতো মিউজিক অডিশনের আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের PSTU Music Club-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ আয়োজনকে ঘিরে সংগীতপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ অডিশনে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউজিক ক্লাবের সভাপতি ফারহানুর ইসলাম নিরজ, সাধারণ সম্পাদক আলিফ জামান রিজভী, পরিচালক প্রেমা ভট্টাচার্য ও শিহাব পারভেজ রাজাসহ ক্লাবের সদস্য, অডিশনে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং দর্শকরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিচালক প্রেমা ভট্টাচার্য। এ সময় ক্লাবের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। পরে বিচারকদের পরিবেশিত গ্রুপ পারফরম্যান্স অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন মেহেরুন জান্নাত অথৈ, অরিয়া আফরোজ, আলিফ জামান রিজভী ও দুর্লভ দাস। প্রতিযোগীরা একক ও দলীয়ভাবে গান পরিবেশনের মাধ্যমে নিজেদের সংগীত প্রতিভা তুলে ধরেন। বিচারকরা পরিবেশনার মান, কণ্ঠ, উপস্থাপনা ও সামগ্রিক দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করেন। অডিশন শেষে নির্বাচিত প্রতিযোগীদের হাতে ‘গোল্ডেন টিকিট’ তুলে দেওয়া হয়।

মিউজিক ক্লাবের সভাপতি ফারহানুর ইসলাম নিরজ বলেন, “PSTU Music Club-এর এই প্রথম আনুষ্ঠানিক যাত্রা আমাদের জন্য গর্বের একটি মুহূর্ত। আমরা বিশ্বাস করি, এই ক্লাব বিশ্ববিদ্যালয়ের সংগীতপ্রেমী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, সৃজনশীল চর্চা এবং পারস্পরিক সম্প্রীতির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

অনুষ্ঠানের শেষ পর্বে বিচারকেরা নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন। পরে উপস্থিত সবার অংশগ্রহণে গ্রুপ ফটোসেশনের মাধ্যমে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অডিশন, সংগীতানুষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীল প্রতিভা বিকাশের আরও বিস্তৃত সুযোগ পান।

আজকালের কন্ঠ/আর বি