
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ইকরা নগরীতে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একটি সড়ক নিজ অর্থায়নে সংস্কার করেছেন দেবিদ্বার পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ মহসিন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবিদ্বার উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার কাজে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইকরা নগরী জামে মসজিদ থেকে চাপানগর রাস্তার মাথায় অবস্থিত মাহমুদের মাদ্রাসা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন পথচারী, মোটরসাইকেল আরোহী, রিকশাচালক ও অন্যান্য যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হতো। প্রায়ই ছোট যানবাহন দুর্ঘটনার কবলে পড়ার ঘটনাও ঘটত বলে স্থানীয়রা জানান।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে হাজী মোহাম্মদ মহসিন নিজ উদ্যোগে কংক্রিট দিয়ে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন।
সংস্কার কাজে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবিদ্বার উপজেলা শাখার উপদেষ্টা উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ ফরাজী, যুব আন্দোলনের নেতা মাওলানা নুরুল ইসলাম ওসমানী, স্বেচ্ছাসেবক মো. শাহজালাল এবং দেবিদ্বার পৌর শাখার সভাপতি হাফেজ আবু সাঈদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে হাজী মোহাম্মদ মহসিন বলেন, “আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণের উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছি। এটি কোনো প্রচারের জন্য নয়, বরং সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর একটি ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
স্থানীয় বাসিন্দারা সড়কটি সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে এবং এলাকার মানুষের চলাচল আরও নিরাপদ হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :