পঞ্চম দফায় অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ফারিন হোসেনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। যাচাই-বাছাইয়ে আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী দেওয়ান বেলায়েত হোসেন বেলালের মনোনয়নপত্রও বাতিল হয়েছে।
পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সহকারী রিটার্নিং অফিসার বেলাল হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেজের হালনাগাদ তথ্য অনুযায়ী, জামালপুর জেলার একমাত্র ফারিন হোসেন সাউথ ইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখার একজন ঋণখেলাপি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন ব্যাংক ঋণখেলাপি কখনও প্রার্থী হতে পারেন না। এটা তার অযোগ্যতা বলে বিবেচিত, তাই আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ফারিন হোসেনের মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।
তিনি জানান, এছাড়াও আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী দেওয়ান বেলায়েত হোসেন বেলালের হলফনামায় অসম্পূর্ণ তথ্য থাকায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আপিল করতে হবে, জেলা প্রশাসক সেই আপিল নিষ্পত্তি করবেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ফারিন হোসেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদারের স্ত্রী। ৪ জন স্বতন্ত্রসহ ৫ জন মেয়র পদপ্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা ৪ জন হলেন- দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য শেখ মোহাম্মদ নুরন্নবী অপু, বর্তমান মেয়র শাহ নেওয়াজ শাহেন শাহ ও পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন উর রশিদ।
এছাড়াও বিএনপি মনোনীয় প্রার্থী সাদেক আকতার নেওয়াজী টপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে তিনজন আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
আপনার মতামত লিখুন :