৯ মাসের প্রকল্প, দেড় বছরেও মাত্র ১০–১৫% কাজ; ৬ কোটি টাকার রায়পুর মিনি স্টেডিয়াম নির্মাণে ধীরগতি, মান নিয়েও প্রশ্ন | Daily AjKaler Kontho

৯ মাসের প্রকল্প, দেড় বছরেও মাত্র ১০–১৫% কাজ; ৬ কোটি টাকার রায়পুর মিনি স্টেডিয়াম নির্মাণে ধীরগতি, মান নিয়েও প্রশ্ন


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
৯ মাসের প্রকল্প, দেড় বছরেও মাত্র ১০–১৫% কাজ; ৬ কোটি টাকার রায়পুর মিনি স্টেডিয়াম নির্মাণে ধীরগতি, মান নিয়েও প্রশ্ন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বহুল প্রত্যাশিত মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি আশানুরূপ নয়। প্রায় ৬ কোটি ১ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ের এ প্রকল্পে দেড় বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও সরেজমিনে দেখা গেছে, মাত্র ১০ থেকে ১৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।

প্রকল্পের তথ্যফলক অনুযায়ী, ২০২৪ সালের ১৩ মার্চ কার্যাদেশ (NOA) প্রদান করা হয় এবং কাজ শেষ করার জন্য ৯ মাস সময় নির্ধারণ করা হয়। বাস্তবায়নকারী সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠান রফিক কনস্ট্রাকশন কোম্পানি (প্রা.) লি.।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। প্রকল্প এলাকায় কিছু কাঠামোগত কাজ দৃশ্যমান হলেও অধিকাংশ কাজ এখনও অসম্পূর্ণ। স্থানীয়দের অভিযোগ, কাজের গতি যেমন ধীর, তেমনি নির্মাণের মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন।

সচেতন নাগরিকরা জানান, একটি মিনি স্টেডিয়াম শুধু খেলোয়াড়দের জন্য নয়, ভবিষ্যতে এখানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাজারো দর্শকের সমাগম হবে। তাই এ ধরনের স্থাপনার নির্মাণে সর্বোচ্চ মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিম্নমানের নির্মাণসামগ্রী বা ত্রুটিপূর্ণ কাজ ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই প্রকল্পের প্রতিটি ধাপে কঠোর তদারকি ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানান তারা।

সরেজমিনে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধিকে পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর দাবি, প্রকল্পের ধীরগতির কারণ, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার পেছনের বাস্তবতা এবং নির্মাণকাজের মান নিয়ে ওঠা অভিযোগ দ্রুত তদন্ত করা হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারির মাধ্যমে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মতভাবে প্রকল্পের কাজ সম্পন্ন করে রায়পুরবাসীর বহুদিনের প্রত্যাশিত মিনি স্টেডিয়ামটি ব্যবহারের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন তারা।

আজকালের কন্ঠ/আর বি