দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ, গ্রেফতার ৩ | Daily AjKaler Kontho

দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ, গ্রেফতার ৩


মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ, গ্রেফতার ৩

দিনাজপুর সদর উপজেলার বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার গোডাউনে অভিযান চালিয়ে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ, ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ এবং কুরিয়ার সার্ভিসের ম্যানেজারসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই ২০২৬) রাত সাড়ে ৩টার দিকে সিপিসি-১, র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর সদর পৌরসভার সরদারপাড়া বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিসের গোডাউনে অভিযান পরিচালনা করে। এ সময় গোডাউন তল্লাশি করে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ এবং ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ করা হয়।

এ ঘটনায় অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মো. শহীদুল ইসলাম (৪০), মো. শাহিনুর হক (৪৫) এবং আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার ম্যানেজার মো. আবুল কালাম (৩৫)-কে গ্রেফতার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের আড়ালে অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ পরিবহন এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানিয়েছে, অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধের মজুত, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি