ঝালকাঠি রাজাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা: বন্যা-অতিবৃষ্টি মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর জোর | Daily AjKaler Kontho

ঝালকাঠি রাজাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা: বন্যা-অতিবৃষ্টি মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর জোর


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
ঝালকাঠি রাজাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা: বন্যা-অতিবৃষ্টি মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর জোর

বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় রাজাপুর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। সভা পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল, উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় দুর্যোগকালীন সময়ে দ্রুত সাড়া প্রদান, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করা, ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ এবং জনগণের জানমাল রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

আজকালের কন্ঠ/আর বি