
নওগাঁর রাণীনগর উপজেলায় ফসলের মাঠে কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না সাখাওয়াত হোসেন (৫৫) নামের এক কৃষকের। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মার্মান্তিক মৃত্যু হয়। বৃহস্পতিবার ০৯ জুলাই সকাল ৯টার দিকে উপজেলার মালশন ওমরপুর মৌজার মাঠে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন উপজেলার মালশন গ্রামের বাসিন্দা মোঃ খয়বর আলীর ছেলে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে নিজের ফসলি জমিতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন সাখাওয়াত হোসেন। ওমরপুর মৌজার মাঠে যখন তিনি কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের সরাসরি আঘাতে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মাঠে থাকা অন্যান্য কৃষক ও স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর থেকে পুরো মালশন গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। একজন সাধারণ, শান্ত ও সদালাপী মানুষকে এভাবে অকালে হারিয়ে স্তব্ধ পুরো এলাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, সকালে সাখাওয়াত হোসেন বাড়ির পাশে নিজের জমিতে কৃষি কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :