উলিপুরে নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক ১, জরিমানা; জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস | Daily AjKaler Kontho

উলিপুরে নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক ১, জরিমানা; জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
উলিপুরে নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক ১, জরিমানা; জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জালসহ এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয় এবং জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার দুর্গাপুর বাজারে পরিচালিত এ অভিযানে প্রতিবন্ধী মো. হারুন অর রশিদ (পিতা: মৃত সেকেন্দার আলী), সরকারপাড়া, দুর্গাপুর এলাকার বাসিন্দাকে দুই বস্তা নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক) ধারা লঙ্ঘনের দায়ে ৫(২)(ক) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা অতি. দা. মো. রফিকুল ইসলাম, উলিপুর থানার এএসআই নাজিমুল, পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন, মৎস্য অফিস সহকারী মো. হযরত আলী এবং স্থানীয় জনসাধারণ।

পরে উপস্থিত সবার সামনে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা অতি. দা. মো. রফিকুল ইসলাম বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আজকালের কন্ঠ/আর বি