রায়পুরে ছুরিকাঘাতে আহত সাগর: ১৮ দিনের মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে | Daily AjKaler Kontho

রায়পুরে ছুরিকাঘাতে আহত সাগর: ১৮ দিনের মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
রায়পুরে ছুরিকাঘাতে আহত সাগর: ১৮ দিনের মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে

লক্ষ্মীপুরের রায়পুরে ছুরিকাঘাতে গুরুতর আহত টাইলস মিস্ত্রি সাগর (৩২) ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত সাগর চাঁদপুর সদর উপজেলার কেতুয়া এলাকার জুলফু হাজীর ছেলে। তিনি রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিসি রোড এলাকার হালিমা মাদ্রাসার ২ নম্বর গেটসংলগ্ন একটি বাসায় ভাড়া থেকে টাইলস মিস্ত্রির কাজ করতেন।

নিহতের বড় ভাই জসিম উদ্দিন হৃদয় জানান, গত ১২ জুন ছুরিকাঘাতের পর থেকে সাগর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, গত ১২ জুন বিকেলে রায়পুর পৌর শহরের হল রোড এলাকার নদীর পাড়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাগরকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করা হয়। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় রায়পুর উপজেলার দেনায়েতপুর এলাকার নুরুল আমীনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার সময় স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে তাঁর কাছ থেকে গাঁজাসদৃশ মাদক উদ্ধার করা হয়েছিল বলে জানা যায়।

সাগর জীবিত থাকাকালেই, গত ২৯ জুন তাঁর শাশুড়ি বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মামলার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি