
পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার এক ক্যাশিয়ার গা-ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা সোমবার বেলা ১১টার দিকে ব্যাংক শাখা ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
অভিযুক্ত ক্যাশিয়ারের নাম রিয়াদুল ইসলাম ইউসুফ। তিনি দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছ থেকে জমা নেওয়া অর্থ ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করে আসছিলেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। শুধু সাধারণ গ্রাহকই নন, ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার অ্যাকাউন্ট থেকেও প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, বিভিন্ন সময়ে তারা ব্যাংকে টাকা জমা দিলেও তাদের মোবাইলে কোনো জমার বার্তা পৌঁছায়নি। এ বিষয়ে জানতে চাইলে ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম সার্ভারের সমস্যার কথা বলে বিষয়টি এড়িয়ে যেতেন। পরে একাধিক গ্রাহকের হিসাব যাচাই করে জমাকৃত অর্থের কোনো রেকর্ড না পাওয়ায় প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত ক্যাশিয়ার গা-ঢাকা দেন।
বিক্ষুব্ধ গ্রাহকরা দ্রুত আত্মসাৎকৃত টাকা ফেরত এবং অভিযুক্তের গ্রেফতারের দাবি জানান। এসময় তারা ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতিরও অভিযোগ করেন।
ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, “অর্থ আত্মসাতের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভুক্তভোগীদের টাকা ফেরত দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :