রামগঞ্জে স্কুলশিক্ষার্থী মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জোবায়ের গ্রেপ্তার | Daily AjKaler Kontho

রামগঞ্জে স্কুলশিক্ষার্থী মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জোবায়ের গ্রেপ্তার


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
রামগঞ্জে স্কুলশিক্ষার্থী মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জোবায়ের গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি আবু দারদা মো. জোবায়ের (১৮)কে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) রামগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল ঢাকা মহানগরীর মিরপুর ও পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ অভিযান পরিচালনা করেন এসআই মো. সোলেমান ও এএসআই (নিরস্ত্র) মো. মহিউদ্দিন। অভিযানে এএসপি সার্কেল (রায়পুর) ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনা ছিল।

গ্রেপ্তারকৃত জোবায়ের নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বালিয়াধর এলাকার বাসিন্দা। তার পিতা মো. শাহজাহান এবং মাতা মাহবুবা সুলতানা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধূরী বলেন, “অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় রামগঞ্জ থানা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। মেহেদী হত্যা মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট সকল আসামিকে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি