"মাজারবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে" মুরাদনগর তরিকত ঐক্য পরিষদ | Daily AjKaler Kontho

“মাজারবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে” মুরাদনগর তরিকত ঐক্য পরিষদ


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
“মাজারবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে” মুরাদনগর তরিকত ঐক্য পরিষদ

কুমিল্লার মুরাদনগরে তরিকত ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, মাজার ও দরবারবিরোধী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। তারা ধর্মীয় সম্প্রীতি ও সুফি-তরিকতভিত্তিক ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শনিবার (২০ জুন) সকালে মুরাদনগর সদরে আয়োজিত এ আলোচনা সভায় উপজেলার ৩৫২টি মাজার ও পির-মাশায়েখের দরবার থেকে শত শত খাদেম, ভক্ত ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

মুরাদনগর তরিকত ঐক্য পরিষদের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং মুরাদনগর তরিকত ঐক্য পরিষদের সভাপতি মো. হানিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অত্র সংগঠনের উপদেষ্টা মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, মো: রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাহেদুর রহমান কানু ও আনোয়ার হোসেন, ত্রাণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মনির হোসেন, বিশ্ব সুফি সংস্থা কুমিল্লার নেতা কবির হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম এবং সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন।

বক্তারা বলেন, দেশে একটি রাজনৈতিক দলের মাজার ও দরবারকেন্দ্রিক কিছু কর্মকাণ্ড নিয়ে তরিকতপন্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, মাজারবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের দীর্ঘদিনের সুফিবাদী ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।

তারা আরও বলেন, মুরাদনগরে মাজার ও দরবারকেন্দ্রিক কোনো বিরূপ কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হলে তরিকতপন্থীরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে তার জবাব দেবে। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তরিকত ঐক্য পরিষদের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী।

আজকালের কন্ঠ/আর বি