ক্যান্সারের সঙ্গে লড়াই, স্ত্রী-সন্তান ছেড়ে গেলেও পাশে শুধু অসুস্থ বৃদ্ধ বাবা | Daily AjKaler Kontho

ক্যান্সারের সঙ্গে লড়াই, স্ত্রী-সন্তান ছেড়ে গেলেও পাশে শুধু অসুস্থ বৃদ্ধ বাবা


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ২:৩০ অপরাহ্ন
ক্যান্সারের সঙ্গে লড়াই, স্ত্রী-সন্তান ছেড়ে গেলেও পাশে শুধু অসুস্থ বৃদ্ধ বাবা

জীবনের কাছে হার মানতে চান না গোবিন্দ চন্দ্র পাল। কিন্তু একের পর এক নির্মম আঘাত যেন তাকে মৃত্যুর দোরগোড়ায় ঠেলে দিয়েছে। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ভেঙে পড়েছে তার পুরো পরিবার, ছিন্নভিন্ন হয়ে গেছে সুখের ছোট্ট সংসার।

নেত্রকোণা সদর উপজেলার সাতপাই এলাকার ৩৫ বছর বয়সী গোবিন্দ চন্দ্র পালের গলায় ছয় মাস আগে টিউমার ধরা পড়ে। ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও এরই মধ্যে তা ক্যান্সারে রূপ নেয়। চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন গোবিন্দ। তার অসুস্থতার খবর যেন একের পর এক দুর্যোগ ডেকে আনে। অভাব-অনটনের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন ছোট ভাই। সেই শোক সইতে না পেরে মারা যান মা। আর অসুস্থ স্বামীকে রেখে একমাত্র সন্তানকে নিয়ে চলে যান স্ত্রী।

আজ গোবিন্দের পৃথিবী বলতে শুধু তার বৃদ্ধ ও অসুস্থ বাবা। বয়সের ভারে ন্যুব্জ এই মানুষটি সমাজের মানুষের দ্বারে দ্বারে গিয়ে যা পান, তা দিয়েই রান্না করে ছেলের মুখে তুলে দেন একমুঠো খাবার। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজন লাখ লাখ টাকা, যা তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

তবুও বেঁচে থাকার আকুতি থামেনি গোবিন্দের। মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে তিনি স্বপ্ন দেখেন আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন। সেই স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন এবং দেশবাসীর সহযোগিতা চাইছেন গোবিন্দ।

মানবতার এই কঠিন পরীক্ষায় যদি এগিয়ে আসে সমাজের সামর্থ্যবান মানুষ, তাহলে হয়তো নতুন করে বাঁচার সুযোগ পাবেন গোবিন্দ চন্দ্র পাল। আপনার সহায়তায় হয়তো বৃদ্ধ বাবার চোখের জলও একদিন হাসিতে বদলে যাবে।

আজকালের কন্ঠ/আর বি