
নেত্রকোণার খালিয়াজুরীতে অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সরকারি কর্মচারী ও তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো. সুমন মিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। তিনি জানান, তাঁর বসবাসরত স্টাফ কোয়ার্টারের বারান্দার মেইন সুইচ থেকে অনুমতি ছাড়াই নির্মাণকাজের জন্য বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়। নিম্নমানের তার ও নিরাপত্তাব্যবস্থা ছাড়াই স্থাপন করা ওই সংযোগ নিয়ে তিনি ও তাঁর স্ত্রী একাধিকবার আপত্তি জানিয়েছিলেন।
অভিযোগ অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শেষে গত ৬ জুন বাসায় ফেরার পর বারান্দার গ্রিল থেকে গামছা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সুমন মিয়া। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রী মোছা. হাসনাহেনাও বিদ্যুতের শিকার হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে প্রথমে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনায় সুমন মিয়ার ডান হাত এবং তাঁর স্ত্রীর হাত ও পায়ে দগ্ধ হওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওয়াজেদ আলী ফকির ও জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
তবে অভিযুক্ত ওয়াজেদ আলী ফকিরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :