
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই (গোয়ালপাড়া) এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে এসআই আব্দুর রহমান, এএসআই মো. তারিকুল ইসলাম, কনস্টেবল ফরহাদ ও নারী কনস্টেবল আফরোজাসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চক সাবাই (গোয়ালপাড়া) গ্রামের মো. শাহিন (২৬), তার স্ত্রী মোছা. আয়েশা (২১), পলাতক আলিমুদ্দিন (৫০) ও মো. সৈয়দ (৬০)-এর বাড়ি এবং আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. শাহিন ও তার স্ত্রী মোছা. আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি খোরশেদ আলম জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :