রংপুরের তারাগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

রংপুরের তারাগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


মোঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
রংপুরের তারাগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। পৃথক দুটি অভিযানে তাদের কাছ থেকে মোট ১২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে ১৩ জুন ২০২৬ তারিখ রাত ১০টা ১০ মিনিটে তারাগঞ্জ বাজারের গরুহাটি পাবলিক টয়লেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গরুহাটি হরিজনপাড়া এলাকার বাবুলাল বাঁশফোড়ের ছেলে মিলন বাঁশফোড়কে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল বলে জানা গেছে।

এর কিছুক্ষণ পর একই রাতে রাত ১১টা ১৫ মিনিটে উপজেলার অনন্তপুর দক্ষিণপাড়া থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়।এ অভিযানটিও পরিচালনা করে পুলিশ। অভিযানে মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ মোকছেদুল ইসলাম (৫২)-কে তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মাদক কারবারিদের আটক করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে তারাগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে জনগণের সহযোগিতাও প্রয়োজন। মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করেছেন এবং মাদক নির্মূলে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, ধারাবাহিক অভিযান পরিচালিত হলে এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

আজকালের কন্ঠ/আর বি