উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান | Daily AjKaler Kontho

উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা অনুমোদনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিল করে নতুন নকশা প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ‘উলিপুরের ভুক্তভোগী জনগণ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাইপাস সড়কের স্থান নির্ধারণে স্থানীয় জনগণের মতামত নেওয়ার বিধান থাকলেও তা অনুসরণ করা হয়নি। জনগণকে না জানিয়ে গোপনে একটি প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে দাবি করেন তারা।

বক্তাদের ভাষ্য, সম্ভাব্য বাইপাস সড়কের রুটকে কেন্দ্র করে একটি প্রভাবশালী মহল আগে থেকেই বিভিন্ন স্থানে জমি ক্রয় করেছে। পরবর্তীতে সেখানে কিছু স্থাপনা নির্মাণ করে ওইসব এলাকার পাশ দিয়ে সড়ক নেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যাতে সংশ্লিষ্টরা আর্থিকভাবে লাভবান হতে পারেন।

তারা আরও বলেন, প্রস্তাবিত নকশা বাস্তবায়ন হলে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান এবং প্রায় ৭০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আমিন মোড় এলাকায় সংযোগস্থল নির্ধারণ করায় ভবিষ্যতে যানজট ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

মানববন্ধনে গওছল আজম মিঠু, আব্দুর রহমান, মোজাম্মেল হক, শামছুল ইসলাম, সাইফুল আখতার, হাফিজুর রহমান, সেলিম, কামাল ইদ্রিস ও আলমগীর হোসেনসহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, জনস্বার্থ বিবেচনায় নতুন নকশা প্রণয়ন এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি জমা দেন।

আজকালের কন্ঠ/আর বি