রাণীনগরে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে তারপর ছুরিকাঘাতে ছিনতাই | Daily AjKaler Kontho

রাণীনগরে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে তারপর ছুরিকাঘাতে ছিনতাই


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
রাণীনগরে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে তারপর ছুরিকাঘাতে ছিনতাই

নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে তারপর ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আব্দুল খালেক মন্ডল নামে এক যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়ছে।

আহতরা উপজেলার খাগড়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে আব্দুল খালেক মন্ডল (৪০) একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে সাহাবুল হোসেন (৩২)। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার আবাদপুকুর-রাণীনগর সড়কের খলিশাকুড়ি মোড় নামক ব্রীজ এলাকায়।

সাহাবুল হোসেন জানান, রাতে আব্দুল খালেকের মোটরসাইকেল যোগে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা যাই। সেখান থেকে রাত প্রায় সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় খলিশাকুড়ির মোড় এলাকার ব্রীজের নিকট আসলে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য মোটরসাইকেলের গতি কিছুটা কমানার সাথে সাথে দুর্বৃত্তরা গাড়ীর সামনে আসে। এসময় আমাদের দুই জনের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে পকেট থেকে প্রায় ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর মোটরসাইকেলের চাবি নেওয়ার চেষ্টা করলে ধস্তা-ধস্তির এক পর্যায়ে খালেকের পেটে ছুরিকাঘাত করে ওই দুর্বৃত্তরা। খালেককে রক্ষা করতে গিয়ে আমার হাতেও ছুরির আঘাত লেগে কেটে যায়। এরপর আমাকে তারা লাঠি দিয়ে বেদম মারপিট করে। ছুরিকাঘাতে খালেকের কিছুটা নাড়ি-ভুরি বের হয়ে যায়। এসময় পূর্ব দিক থেকে একটি গাড়ী আসলে গাড়ীর আলো দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় খালেককে উদ্ধার করে কোন রকম মোটরসাইকেলে তুলে নিয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে ৬/৭জন ছিল। আমার কাছে থাকা ১১ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। খালেক মন্ডলের জ্ঞান না ফেরায় তার কাছ থেকে কোন টাকা নিয়েছে কিনা জানা যায়নি।

রাণীনগর থানার এসআই জুলফিকার জানান, আহতরা চিকিৎসাধীন থাকায় এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনাটি সুষ্ঠু ভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে।