ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগৈলঝাড়ার গৈলা মডেল স্কুলের ২০০৯ ব্যাচের ব্যতিক্রমী আয়োজন | Daily AjKaler Kontho

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগৈলঝাড়ার গৈলা মডেল স্কুলের ২০০৯ ব্যাচের ব্যতিক্রমী আয়োজন


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগৈলঝাড়ার গৈলা মডেল স্কুলের ২০০৯ ব্যাচের ব্যতিক্রমী আয়োজন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় মানবিক ও ব্যতিক্রমী এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে গৈলা মডেল স্কুলের ২০০৯ ব্যাচের শিক্ষার্থীরা। বন্ধুদের মিলনমেলার পাশাপাশি ছোটমনি নিবাসের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের।

রবিবার (৩১ মে) দুপুরে আগৈলঝাড়া উপজেলার ছোটমনি নিবাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০০৯ ব্যাচের বন্ধু-বান্ধবীরা ছোটমনি নিবাসের শিশুদের নিয়ে মধ্যাহ্নভোজ, আনন্দঘন আড্ডা এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।

গৈলা মডেল স্কুলের ২০০৯ ব্যাচের শিক্ষার্থী ও আমেরিকান প্রবাসী অমিত ঘোষের উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে সহযোগিতা করেন একই ব্যাচের সাইফুল ইসলাম, রাহাত হোসেন,শিবলি আলমসহ মোট ৪১ জন বন্ধু ও বান্ধবী।

ছোটমনি নিবাসে বর্তমানে শিশুদের দেখাশোনার দায়িত্বে ৪ জন মহিলা ও ১ জন পুরুষ কর্মী নিয়োজিত রয়েছেন। শিশুদের দায়িত্বে থাকা আকলিমা বেগম বলেন, ঈদকে ঘিরে এত বড় পরিসরে বন্ধুদের নিয়ে এসে শিশুদের সঙ্গে সময় কাটানোর আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিশুরাও খুব আনন্দ পেয়েছে।”

দায়িত্বে থাকা রোকেয়া বেগম বলেন, “শুধু খাবার দেওয়া নয়, শিশুগুলোর সঙ্গে বসে গল্প করা, খোঁজখবর নেওয়া এবং তাদের আপনজনের মতো সময় দেওয়াটা সবচেয়ে বড় বিষয়। আজকের এই আয়োজন তাদের মনে দীর্ঘদিন আনন্দের স্মৃতি হয়ে থাকবে।”

আয়োজকরা জানান, ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্য থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান।