রায়পুরে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের | Daily AjKaler Kontho

রায়পুরে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৯, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
রায়পুরে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নং করোয়া ইউনিয়নের জোরপূর্ব এলাকার জোড়পোলের পশ্চিম পাশের বিল থেকে ফারাবি (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয়রা বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত ফারাবি জোরপূর্ব এলাকার লক্ষিসী বাড়ীর বাসিন্দা মোঃ ফিরোজের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শুক্রবার সকালে বাড়ির পাশের বিলের মাঝখানে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। এ সময় নিহতের পরিবারের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়দের মাঝেও শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, ফারাবিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।