মোংলা বন্দরে ২৯০০ শ্রমিক-কর্মচারীর মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ | Daily AjKaler Kontho

মোংলা বন্দরে ২৯০০ শ্রমিক-কর্মচারীর মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ


মোংলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
মোংলা বন্দরে ২৯০০ শ্রমিক-কর্মচারীর মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মেসার্স হাশেম এন্ড সন্স স্টিভিডরিং কোম্পানি চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন মোংলা বন্দর বার্থ অ্যান্ড শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান টিংকু, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, সদস্য মাহবুবুর রহমান মানিক ও মাহবুবুর রহমান টুটুল। এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. আলাউদ্দিন হোসেন এবং কাজী ওমর ফারুক।

আয়োজকরা জানান, বন্দরের প্রায় ২ হাজার ৯০০ শ্রমিক-কর্মচারীর মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুলফিকার আলী বলেন, মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই মোংলা বন্দরের উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করছেন। তিনি বলেন, বন্দরের চ্যানেল সচল রাখতে আধুনিক ও উন্নত ড্রেজারের মাধ্যমে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, অতীতের মতো বালু উত্তোলনকারী যন্ত্র দিয়ে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হলে এবং ড্রেজিংয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।

আজকালের কন্ঠ/আর বি