টানা ২৩ দিনের ছুটিতে জাককানইবি, ছুটির মধ্যেও থাকছে দুই গুরুত্বপূর্ণ আয়োজন | Daily AjKaler Kontho

টানা ২৩ দিনের ছুটিতে জাককানইবি, ছুটির মধ্যেও থাকছে দুই গুরুত্বপূর্ণ আয়োজন


জাককানইবি প্রতিনিধি প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
টানা ২৩ দিনের ছুটিতে জাককানইবি, ছুটির মধ্যেও থাকছে দুই গুরুত্বপূর্ণ আয়োজন

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আগামী ২০ মে (বুধবার) থেকে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। একইসঙ্গে ২০ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার-২০২৬ অনুযায়ী ঘোষিত এ দীর্ঘ ছুটিকালে নিরাপত্তা ও জরুরি সেবার আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা যথারীতি দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা পরিলক্ষিত হলে বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

এছাড়া ছুটি শেষে প্রথম কর্মদিবসে স্ব স্ব বিভাগ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও অনুপস্থিতির তথ্য কর্তৃপক্ষকে জানানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও ছুটির মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ দিবস সীমিত পরিসরে উদযাপন করা হবে। এর মধ্যে আগামী ২৫ মে সকাল ১০টায় নজরুল জন্ম-জয়ন্তী-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, প্রক্টোরিয়াল বডি ও দপ্তর প্রধানসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

তবে নজরুল জন্ম-জয়ন্তীর মূল আয়োজন আগামী ২৪ ও ২৫ জুন ক্যাম্পাস খোলার পর অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, আগামী ৩ জুন ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে সীমিত পরিসরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ এবং মিষ্টি বিতরণের আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয় দিবসের বিস্তারিত অনুষ্ঠানমালা ছুটির পর পূর্ণাঙ্গভাবে আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি