নওগাঁর ধামইরহাটে দোকানে চুরি, ২৪ ঘণ্টার মধ্যে সরঞ্জাম ও টাকাসহ ২ ‘কুখ্যাত’ চোর গ্রেফতার | Daily AjKaler Kontho

নওগাঁর ধামইরহাটে দোকানে চুরি, ২৪ ঘণ্টার মধ্যে সরঞ্জাম ও টাকাসহ ২ ‘কুখ্যাত’ চোর গ্রেফতার


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রতিনিধি প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
নওগাঁর ধামইরহাটে দোকানে চুরি, ২৪ ঘণ্টার মধ্যে সরঞ্জাম ও টাকাসহ ২ ‘কুখ্যাত’ চোর গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে একটি সার ও কীটনাশকের দোকানে দেয়াল কেটে চুরির ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিযানের ২৪ ঘণ্টার মধ্যে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং লুণ্ঠিত নগদ ৫,০৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ মে) রাত ১১টার দিকে ধামইরহাট পৌর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়, পুলিশ সূত্রে জানা গেছে, গত পরশু রাতে ধামইরহাট পৌরসভার পূর্ব বাজারের উত্তর পার্শ্বে মেসার্স কামরুজ্জামানের সার ও কীটনাশকের দোকানে দেয়াল ভেঙে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ বিশেষ অনুসন্ধানে নামে। এরই ধারাবাহিকতায় গত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, (১). লিমন বাস্কে (৩০), পিতা- জেমস বাস্কে। (২). মো. শাকিল হোসেন (২৮), পিতা- মো. বাবলু হোসেন। উভয়ই ধামইরহাট থানার দক্ষিণ চকযদু গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা এলাকায় কুখ্যাত ও অভ্যাসগত চোর হিসেবে পরিচিত।

অভিযানকালে আসামিদের নিকট থেকে চুরির কাজে ব্যবহৃত প্রায় ৩ ফুট লম্বা একটি লোহার শাবল, ১ ফুট লম্বা একটি লোহার ছেনি এবং কাঠের হাতলওয়ালা একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া একটি তোষকের নিচ থেকে চুরিকৃত নগদ ৫,০৮০ টাকা জব্দ করে পুলিশ।

ধামইরহাট থানা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি