
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মেটংঘর দক্ষিণ পাড়ায় নিজ বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে মো. মহিউদ্দিন মিয়া (৩৪) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশ তার বাড়ি ঘেরাও করে। পরে জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন মিয়া তার বসতঘরের পূর্ব পাশে খালি জায়গায় গাঁজা গাছ চাষের কথা স্বীকার করেন। তার দেখানো স্থান থেকে ৪টি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।” রোববার দুপুরে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :