সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা, আটক ১ | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা, আটক ১


মোঃ আতিয়ার রহমান , সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা, আটক ১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকি এলাকায় খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে কারাদণ্ড এবং বাকি চারজনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২মে) ভোর ৪টায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের কে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোলপেটুয়া নদীর নওবেকী পয়েন্টে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আশাশুনি ও পাইকগাছা উপজেলার পাঁচ বাসিন্দাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন,নজরুল ইসলাম (৫৭), সজীব শেখ (২২), মোঃ ইব্রাহিম গাজী (২৫), মোঃ আক্তারুল গাজী (৩৩) ও আব্দুল্লাহ আল মামুন (২৪)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোঃ আক্তারুল গাজীকে (৩৩) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া অপরাধের দায় স্বীকার করায় বাকি ৪ জনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি সম্পদ রক্ষা এবং নদীর নাব্যতা বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আজকালের কন্ঠ/আর বি