চট্টগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ, ১২ ঘণ্টা পর কুমিল্লায় রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

চট্টগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ, ১২ ঘণ্টা পর কুমিল্লায় রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার


কাজী শরীফ, কুমিল্লা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
চট্টগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ, ১২ ঘণ্টা পর কুমিল্লায় রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে কুমিল্লায় সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি চট্টগ্রাম-এ ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেন। গত ২৪ এপ্রিল রাতে প্রশিক্ষণ শেষে তিনি নগরীর অলংকার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে পরিবারের সঙ্গে তার একাধিকবার কথা হয়। সর্বশেষ ২৫ এপ্রিল রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে তিনি ফোনে জানান যে, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় পৌঁছেছেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

দীর্ঘ সময় পার হলেও তিনি বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে অবশেষে তার বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে, নিখোঁজের ঘটনার মাত্র ১২ ঘণ্টা পর শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় সড়কের পাশ থেকে বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কোটবাড়ি এলাকায় আইরিস হোটেলের পাশের ফুটপাথে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে, কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, নিখোঁজের বিষয়ে আগে থেকেই জিডি করা হয়েছিল। মরদেহ উদ্ধারের পর স্বজনরা এসে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডলে কিছুটা রক্তাক্ত অবস্থা ছিল। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আজকালের কন্ঠ/আর বি