ত্রিশালে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

ত্রিশালে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ত্রিশালে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৮টা ০৫ মিনিটের সময় ত্রিশাল থানা পুলিশের একটি দক্ষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় ত্রিশাল থানাধীন রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া এলাকায়, গঁফাকুড়ি মোড় থেকে বড়মা গামী সড়কের পূর্ব পাশে অবস্থিত জনৈক আমছর আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর।

অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে মোট ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫.১ (পাঁচ দশমিক এক) গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন:-

১) সারোয়ার আলম ওরফে সেলিম (৩০), পিতা: ইউনুস আলী মন্ডল
২) আজিজুল ইসলাম ওরফে আইজুল (৪০), পিতা: মৃত শামছুদ্দিন গাড়ীয়াল
উভয়ের বাড়ি বীররামপুর ভাটিপাড়া, রামপুর ইউনিয়ন, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ।ত্রিশাল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে ত্রিশাল থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছে।

আজকালের কন্ঠ/আর এস