কৃষক আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: ধর্মমন্ত্রী কায়কোবাদ | Daily AjKaler Kontho

কৃষক আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: ধর্মমন্ত্রী কায়কোবাদ


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
কৃষক আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: ধর্মমন্ত্রী কায়কোবাদ

কৃষকরা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, বর্তমান সরকার কৃষকের সরকার ও কৃষিবান্ধব সরকার। তাদের উৎপাদিত শস্যেই দেশের মানুষের জীবনধারণ চলে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, এই সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম কেবিনেটেই কৃষি ঋণের সুদসহ মওকুফের উদ্যোগ নেয়। কৃষকরা যদি ফসল উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে দেশ খাদ্য সংকটে পড়বে। এ কারণেই বর্তমান সরকার কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি জানান, চাষাবাদের সুবিধার্থে খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া কৃষকদের স্বাবলম্বী করতে চালু করা হচ্ছে ‘কৃষক কার্ড’।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু ও কৃষক প্রতিনিধি হেদায়েত হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক, বাঙ্গরা বাজার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, মহিলা দলের সভাপতি কাজী তাহমিনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার ২২টি ইউনিয়নের কৃষক-কৃষাণীরা।

এ বছর উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুরাদনগর উপজেলার ১৬ হাজার ২০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি