
দৃশ্যে গাঁথি শিল্পের সুর, মুক্ত করি প্রাণ’এই শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল-২৬’। বাংলা থিয়েটারের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এই চলচ্চিত্র উৎসব চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে অনুষ্ঠানের আহ্বায়ক এইচ এম ফজলে রাব্বি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষ্ঠানের প্রথম দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এদিন চলচ্চিত্র নির্মাণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য থাকছে দুটি মাস্টারক্লাস। সকাল সাড়ে ১১টায় ‘পরিচালনা বিষয়ক মাস্টারক্লাস’ নেবেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। এরপর বিকেল ৪টায় ‘প্রযোজনা বিষয়ক মাস্টারক্লাস’ পরিচালনা করবেন মোহাম্মদ তৌকির ইসলাম এবং দেলুপি মুভি টিম।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে টানা চলচ্চিত্র প্রদর্শনী। এদিন প্রদর্শিত হবে খন্দকার সুমনের ‘সাঁতাও’, মোস্তাফিজুর নূর ইমরান পরিচালিত ‘জিনের বাচ্চা’ এবং গিয়াসউদ্দিন সেলিম নির্মিত ‘কাজলরেখা’র মতো প্রশংসিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। পাশাপাশি ‘ইন্তেজার: প্রথম প্রহর’, ‘দ্য হেজ’, ‘সং ফ্রম দ্য সাউথ’, ‘দ্য ব্যালাড অব আ গিক’ এবং ‘দ্য এটারনাল জার্নি’সহ বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রদর্শিত হবে। দিনশেষে রাত ৯টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উৎসবের শেষ দিন (১৬ এপ্রিল) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘অভিনয় বিষয়ক মাস্টারক্লাস’, যা পরিচালনা করবেন নির্মাতা মোস্তাফিজুর নূর ইমরান। এরপর আয়োজকদের পক্ষ থেকে ‘আওয়ার স্টোরিজ’ শীর্ষক মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হবে। সবশেষে রাত সাড়ে ৮টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন, গিয়াসউদ্দীন সেলিম, খন্দকার সুমন,শহীদুজ্জামান সেলিম, আইনুন নাহার পুতুল, মৌসুমি হামিদ, মাশা রহমান , সামিউল ভূইয়াসহ একাধিক মিডিয়া ব্যক্তিত্ব ।
উল্লেখ্য, উৎসবটিতে সহযোগী সংগঠন হিসেবে যুক্ত রয়েছে গ্রন্থাশ্রম, কাব্যিক স্কুল অব আর্টস, থার্মোকল জেইউ, সিএলসি ফিল্ম ক্লাব, মায়াদেশ এবং ণই প্রকাশন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :