লক্ষ্মীপুরে ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ নিষিদ্ধ | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ নিষিদ্ধ


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ নিষিদ্ধ

লক্ষ্মীপুর সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৫ আগস্ট ২০২৬) বিকেল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি এ পদক্ষেপ নেয়।

জারি করা আদেশে লক্ষ্মীপুর পৌরসভা ও এর আশপাশের এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে চারজনের বেশি লোক একত্রে চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রশাসন জানায়, ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা উপজেলা প্রশাসনের রয়েছে । পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

তবে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, স্থানীয় প্রশাসন সকলকে আইন মেনে চলা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জনসাধারণকে অপ্রয়োজনীয় ভিড় বা জমায়েত থেকে বিরত থাকারও অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে প্রশাসন এ ধরনের ১৪৪ ধারা জারি করে থাকে

আজকালের কন্ঠ/আর বি