ময়মনসিংহে আলোচিত ভাইরাল ছিনতাইকারী সোহাগ মিয়া গ্রেফতার | Daily AjKaler Kontho

ময়মনসিংহে আলোচিত ভাইরাল ছিনতাইকারী সোহাগ মিয়া গ্রেফতার


জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
ময়মনসিংহে আলোচিত ভাইরাল ছিনতাইকারী সোহাগ মিয়া গ্রেফতার

ময়মনসিংহ নগরীতে দীর্ঘদিন ধরে আতঙ্কের নাম হয়ে ওঠা আলোচিত ও ভাইরাল ছিনতাইকারী মোঃ সোহাগ মিয়াকে অবশেষে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তার গ্রেফতারের ঘটনায় নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আবারও প্রশংসিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর সার্বিক নির্দেশনায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সাম্প্রতিক সময়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এই বিশেষ অভিযানের উদ্যোগ নেয় পুলিশ।

অভিযানের অংশ হিসেবে ১ নং পুলিশ ফাঁড়ির এ টি এস আই মোঃ আতিক সঙ্গীয় অফিসার ফোর্সসহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সোহাগ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

জানা যায়, সোহাগ মিয়া নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের কাছে তিনি দীর্ঘদিন ধরেই তালিকাভুক্ত ও নজরদারিতে ছিলেন।

গ্রেফতারের পর তাকে কোতোয়ালী মডেল থানায় নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সাথে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত করতে কাজ চলছে। আশা করা হচ্ছে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হবে এবং অপরাধচক্রের অন্যান্য সদস্যদেরও আইনের আওতায় আনা সম্ভব হবে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, সোহাগ মিয়ার কারণে তারা দীর্ঘদিন ধরে ভয়ে ও আতঙ্কে ছিলেন। বিশেষ করে রাতের বেলায় চলাচল করতে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগতেন। তার গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

ময়মনসিংহ জেলা পুলিশ জানিয়েছে, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়েছে, অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকলে নগরীতে অপরাধ অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন সচেতন মহল।

আজকালের কন্ঠ/আর বি