শেরপুর-৩ আসনে তীব্র নির্বাচনী লড়াই, ঝিনাইগাতীতে জামায়াতের বিশাল জনসভা | Daily AjKaler Kontho

শেরপুর-৩ আসনে তীব্র নির্বাচনী লড়াই, ঝিনাইগাতীতে জামায়াতের বিশাল জনসভা


মো: রিয়াজ, শেরপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
শেরপুর-৩ আসনে তীব্র নির্বাচনী লড়াই, ঝিনাইগাতীতে জামায়াতের বিশাল জনসভা

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় ঝিনাইগাতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বক্তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

উল্লেখ্য, জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি এই আসনের নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের প্রার্থী আলহাজ্ব মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকসবাদী)-এর প্রার্থী মিজানুর রহমান।

১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আজকালের কন্ঠ/আর বি