
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসিমা আক্তার কনা (৩৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গৌরীপুর থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই মোঃ মহসীন হাসানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বৃহস্পতিবার (৫ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক নারী মাদক ব্যবসায়ী রেলস্টেশন সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন হিসেবে নাসিমা আক্তার কনা নামে এক নারীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩০টি সবুজ রঙের জিপার প্যাকেটের ভেতর থেকে মোট ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত নাসিমা আক্তার কনা গৌরীপুর পৌরসভার নতুন বাজার এলাকার আব্দুল আজিজ সরদারের মেয়ে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই মোঃ মহসীন হাসান বাদী হয়ে গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে।
পুলিশের এই অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :