কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন | Daily AjKaler Kontho

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন


কুবি প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দুই বছর পর আবারও শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন।

মঙ্গলবার (২ মার্চ) প্রশাসনিক ভবনের টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো: বেলাল হুসাইন।

এ ব্যাপারে সদস্য সচিব ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, ‘ শিক্ষক সমিতি নির্বাচনের পরবর্তী কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সবার সাথে মতবিনিময় করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে।’

আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘ শিক্ষক সমিতি না থাকার কারণে আমাদের শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান প্রশাসন তাদের ইচ্ছে মতো অনিয়ম করছে। এসব নিয়ে কথা বলার কেউ নাই। একটা নির্বাচিত শিক্ষক সমিতি থাকলে শিক্ষকদের দাবিদাওয়া এবং প্রশাসনের অনিয়ম নিয়ে কথা বলার জন্য একটা বডি থাকবে। এই লক্ষ্যেই শিক্ষক সমিতি নির্বাচন হওয়া দরকার।’

এবারের নির্বাচনে আওয়ামীপন্থি নীল দলের শিক্ষকরা অংশ নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তারা অংশগ্রহণ করবে কিনা সেটা শিক্ষকরা সিদ্ধান্ত নেবেন।’

প্রসঙ্গত, সর্বশেষ ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীপন্থি নীল প্যানেল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সভাপতি নির্বাচিত হন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক হন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পরে উক্ত কমিটি বিলুপ্ত হয়ে যায়।

আজকালের কন্ঠ/আর বি