
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্রীড়া খাতে বরাদ্দ বৃদ্ধি না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীসংখ্যা ও ক্রীড়া কার্যক্রম বাড়লেও বাজেট অনুপাতে বৃদ্ধি পায়নি। ফলে নিয়মিত অনুশীলন, টুর্নামেন্ট আয়োজন ও অবকাঠামো রক্ষণাবেক্ষণে নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম, মাঠের উন্নয়ন, জার্সি ও প্রশিক্ষণ ব্যয়ের জন্য পর্যাপ্ত অর্থ না থাকায় খেলোয়াড়দের সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন বিভাগ ও হলভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতাও অনেক সময় অর্থসংকটে সীমিত পরিসরে আয়োজন করতে হয়।
কয়েকজন ক্রীড়াপ্রেমী শিক্ষার্থী জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ভালো ফল করতে হলে নিয়মিত প্রশিক্ষণ ও আধুনিক সুবিধা জরুরি। কিন্তু বাজেট স্বল্পতার কারণে অনেক ক্ষেত্রেই তা নিশ্চিত করা যাচ্ছে না। এতে বিশ্ববিদ্যালয়ের সুনামও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন তারা।
এ বিষয়ে শারীরিক শিক্ষা সংশ্লিষ্টরা বলেন, বরাদ্দের সীমাবদ্ধতা থাকলেও বিদ্যমান সম্পদ দিয়ে কার্যক্রম চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ ও অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ বৃদ্ধি প্রয়োজন বলে তারা স্বীকার করেন।
জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ এ ব্যাপারে বলেন, চাহিদার তুলনায় বাজেট খুবই নগণ্য। এই বাজেট দিয়ে ক্রীড়ার উন্নয়ন সম্ভব না। বাজেটের অভাবে নিয়মিত টুর্নামেন্ট এবং উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
শিক্ষার্থীরা দ্রুত ক্রীড়া খাতে বাজেট পুনর্বিবেচনা এবং বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের মতে, পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :