প্রার্থী মৃত্যুর পর স্থগিত শেরপুর-৩ নির্বাচন, নিস্তব্ধ ঝিনাইগাতী–শ্রীবরদী | Daily AjKaler Kontho

প্রার্থী মৃত্যুর পর স্থগিত শেরপুর-৩ নির্বাচন, নিস্তব্ধ ঝিনাইগাতী–শ্রীবরদী


মো: রিয়াজ, শেরপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
প্রার্থী মৃত্যুর পর স্থগিত শেরপুর-৩ নির্বাচন, নিস্তব্ধ ঝিনাইগাতী–শ্রীবরদী

আর মাত্র কয়েকদিন বাকি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। সারা দেশে যখন নির্বাচনী উত্তাপ চরমে, তখন ব্যতিক্রমী চিত্র শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে। দুই উপজেলা জুড়ে নেই কোনো প্রচার-প্রচারণা, নেই নির্বাচনী আলোচনা; হাটবাজার ও চা-দোকানসহ সর্বত্র বিরাজ করছে অস্বাভাবিক নীরবতা।

স্থানীয় সূত্র জানায়, শেরপুর-১ ও শেরপুর-২ আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে থাকলেও শেরপুর-৩ আসনে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ভোট ঘিরে যেখানে অন্য আসনগুলোতে চায়ের দোকান থেকে শুরু করে বাজার পর্যন্ত আলোচনা চলছে, সেখানে ঝিনাইগাতী ও শ্রীবরদীতে ভোট নিয়ে কোনো তৎপরতাই চোখে পড়ছে না। হাটবাজারগুলোও প্রায় ফাঁকা।

উল্লেখ্য, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১-দলীয় জোটের প্রার্থী এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল বুধবার রাত আনুমানিক ৩টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুর পর জেলা রিটার্নিং কর্মকর্তা এই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেন। একই সঙ্গে বন্ধ হয়ে যায় সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা।

প্রার্থী মৃত্যুর ঘটনায় পুরো শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় এক ধরনের স্তব্ধতা নেমে আসে। রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল ও অনিশ্চয়তা। কে হবেন দাঁড়িপাল্লা প্রতীকের পরবর্তী প্রার্থী, কার হাতে উঠবে এই আসনের নেতৃত্ব এবং কবে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে চলছে নানান আলোচনা।

এদিকে, জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম একটি হত্যা মামলায় অভিযুক্ত থাকায় দুই উপজেলার কয়েকশ নেতাকর্মী এলাকা ছাড়া রয়েছেন বলে জানা গেছে। যদিও কিছু সংখ্যক নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন, তবুও সামগ্রিক পরিস্থিতিতে রাজনৈতিক মাঠে কার্যত কোনো দৃশ্যমান তৎপরতা নেই।

সবকিছু মিলিয়ে শেরপুর-৩ আসনের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় বিরাজ করছে বিরল নীরবতা। নির্বাচনকে ঘিরে যেখানে অন্য এলাকায় উৎসবমুখর পরিবেশ, সেখানে এই দুই উপজেলায় এখন শুধুই শূন্যতা আর অপেক্ষা।]

আজকালের কন্ঠ/আর বি