কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন | Daily AjKaler Kontho

কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন


শাহ সাহিদ উদ্দিন , কুমিল্লা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিএনপি–গণঅধিকার পরিষদের সমন্বিত প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। তিনি বলেন, কুমিল্লা-৪ আসনে ধানের শীষের কোনো প্রার্থী না থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়া হয়েছে। তিনি দেবিদ্বারবাসীর প্রতি ট্রাক প্রতীকের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল আপিল বিভাগ খারিজ করায় কুমিল্লা-৪ আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না। সে কারণে জসিম উদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি আরও জানান, বিএনপি নেতাকর্মীদের জসিম উদ্দিনের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছে। বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের এক শীর্ষ নেতা জানান, কুমিল্লা-৪ আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে ট্রাক প্রতীককে সমর্থন দেবে এবং এ লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলে তিনি অভিযোগ করেন, ঋণখেলাপির তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। শুনানি শেষে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বাতিল করে।

পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান আপিল বিভাগে লিভ টু আপিল করেন। শুনানি শেষে ১ ফেব্রুয়ারি আপিল বিভাগ চূড়ান্ত আদেশের মাধ্যমে তার প্রার্থিতা বাতিল রাখেন।

আজকালের কন্ঠ/ আর এস/এস