নাটোর-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা | Daily AjKaler Kontho

নাটোর-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
নাটোর-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী স্বচ্ছ, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক ‘নতুন ও সমৃদ্ধ নাটোর’ গড়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন অধ্যাপক মো. ইউনুস আলী বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের মাদরাসা মোড়ের জামায়াতের নির্বাচনী অফিসে ইশতেহার প্রদানের সময় অধ্যাপক মো. ইউনুস আলী বলেন, অফুরন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও বেকারত্ব, ঘুষ, দুর্র্নীতি, চাঁদাবাজ, অযোগ্য নেতৃত্ব ও সন্ত্রাসের কারণে মানুষের জীবনযাত্রার কাংখিত মান উন্নয়ন হয়নি।

আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে মানুষের সেবক হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের জন্যে কাজ করে যেতে চাই। প্রদত্ত ইশতেহারে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিশেষ সম্মাননা প্রদান এবং তাদের জন্যে উন্নত চিকিৎসা, শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাইটেক পার্ক প্রতিষ্ঠা, নাটোর সদর হাসপাতালের আধুনিকায়ন, নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু, নার্সিং ইনস্টিটিউট, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং বক্ষব্যাধি ক্লিনিকের আধুনিকায়ন, স্টেশন বাজার রেলক্রসিং ওভারব্রীজ নির্মাণ, নাটোর-বগুড়া বাইপাস নির্মাণ, নাটোর চিনিকলের আধুনিকায়নের মাধ্যমে লাভজনক শিল্পে পরিণত করা, বাণিজ্যিক গ্যাস সরবরাহ সঞ্চালন লাইন স্থাপন করে ভারী শিল্প প্রতিষ্ঠা, বিসিকের সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল এবং কৃষি রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা, নাটোর স্টেডিয়ামের আধুনিকায়ন, পর্যটনভিত্তিক শহর প্রতিষ্ঠা, নারদ নদ এবং জয়কালী ও লালদীঘিতে ওয়াকওয়ে নির্মাণ, বর্জ্যমুক্ত সবুজ শহর প্রতিষ্ঠা ইত্যাদি প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়।

ইশতেহার প্রদান অনুষ্ঠানে নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক মো. সাদিকুর রহমান এবং সহকারী সেক্রেটারি এবং নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি