কুড়িগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

কুড়িগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
কুড়িগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রামে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৯টায় কুড়িগ্রাম কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় (২৬ কুড়িগ্রাম-২) এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণে নির্বাচনী আইন ও বিধিমালা, ভোটগ্রহণ প্রক্রিয়া, ব্যালট ব্যবস্থাপনা, ফলাফল প্রেরণসহ প্রিজাইডিং অফিসারদের সার্বিক দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ভোটগ্রহণ কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, ভোটারদের সহায়তা, আচরণবিধি প্রতিপালন, নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

গণভোট সংক্রান্ত বিশেষ নির্দেশনা ও ভোট গণনার নিয়মাবলিও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত ছিল।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা নির্বাচন পরিচালনায় পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, দায়িত্বশীল ও দক্ষ প্রিজাইডিং অফিসারদের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রিজাইডিং অফিসাররা এ কর্মসূচিকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন এবং অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে যথাযথভাবে প্রয়োগের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্নপূর্ণা দেবনাথ, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, কুড়িগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ফজলে রাব্বি পিপিএম, পুলিশ সুপার, কুড়িগ্রাম; লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি, অধিনায়ক, ২২ বিজিবি, কুড়িগ্রাম; মেজর মোঃ ইনজামামুল আলম, ক্যাম্প কমান্ডার, কুড়িগ্রাম আর্মি ক্যাম্প; এ.এস.এম. সাখাওয়াৎ হোসাইন, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, কুড়িগ্রাম এবং মোঃ আলমগীর, জেলা নির্বাচন অফিসার, কুড়িগ্রাম।

সভাপতিত্ব করেন মোঃ ইসমাইল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, কুড়িগ্রাম সদর ও সহকারী রিটার্নিং অফিসার, ২৬ কুড়িগ্রাম-২।

আজকালের কন্ঠ/আর বি