
প্রবাসে সাংবাদিকতায় দীর্ঘদিনের নিষ্ঠা, পেশাদারিত্ব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এইচআরআরএস গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড–২০২৬-এ মনোনীত হয়েছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান।
আগামী ১৮ এপ্রিল ঢাকার হোটেল ৭১-এ আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।এ বছর সাংবাদিকতা ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্তদের তালিকায় আনোয়ার শাহজাহানের পাশাপাশি রয়েছেন—বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ড. স্নেহাশিস সুর এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এই সম্মানজনক তালিকায় তাঁর অন্তর্ভুক্তি প্রবাসী সাংবাদিকদের অবদানের গুরুত্বকে নতুন করে সামনে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আনোয়ার শাহজাহান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ১৯৯৬ সাল থেকে ‘লন্ডন বিচিত্রা’ এবং ২০১৩ সাল থেকে ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।পাশাপাশি তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা রাখছেন। বাংলাদেশে সাংবাদিকতার বিকাশে অবদান হিসেবে তিনি গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির ভূমি ও ভবন দাতা হিসেবেও পরিচিত।
সাংবাদিকতার পাশাপাশি আনোয়ার শাহজাহান একজন সুপরিচিত লেখক। বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় প্রকাশিত তাঁর একাধিক গ্রন্থ পাঠক ও সাহিত্যবোদ্ধাদের প্রশংসা অর্জন করেছে। তাঁর লেখনীতে প্রবাসজীবন, সমাজবাস্তবতা ও মানবিক মূল্যবোধের গভীর প্রতিফলন লক্ষ্য করা যায়।
প্রবাস জীবনেও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করার পাশাপাশি তিনি লন্ডন-বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে শিক্ষাব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
এছাড়া বাংলাদেশে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, পাশাপাশি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিদাতা হিসেবেও তিনি সুপরিচিত।
আয়োজকরা জানিয়েছেন, প্রবাসীরা দেশের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন—তার স্বীকৃতিস্বরূপই এইচআরআরএস গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় প্রবাসে সাংবাদিকতা ও সমাজসেবায় অনন্য অবদানের জন্য আনোয়ার শাহজাহানকে এ বছরের সম্মাননায় মনোনীত করা হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, এই সম্মাননা শুধু একজন ব্যক্তির অর্জন নয়; বরং এটি বিশ্বব্যাপী প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকার স্বীকৃতি হিসেবেও বিবেচিত হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :