
সাধারণ জনগণ, সরকারি ও বেসরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেবাপ্রার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কার্যালয় নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পিবিআই কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
পিবিআই সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী (ময়নার মোড়) এলাকায় একটি ভাড়া ভবনে পিবিআই ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কার্যালয়ের প্রশাসনিক ও তদন্তসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে ময়মনসিংহের কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজ সংলগ্ন সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সড়ক সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিলে সংশ্লিষ্ট ভাড়া ভবনটি অপসারণ করা হয়। ফলে পিবিআই কার্যালয়কে নতুন স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এরই ধারাবাহিকতায় বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কার্যালয়ের সকল কার্যক্রম কোতোয়ালী থানাধীন নগরীর মধ্য বাড়েরা এলাকায় অবস্থিত নতুন কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে। নতুন কার্যালয় থেকে এখন পিবিআই ময়মনসিংহ জেলার আওতাধীন সকল প্রশাসনিক কার্যক্রম, মামলা সংশ্লিষ্ট তদন্ত, তথ্য সংগ্রহ, অনুসন্ধান ও সেবা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
পিবিআই কর্তৃপক্ষ আরও জানায়, নতুন কার্যালয় স্থানান্তরের ফলে সেবাপ্রার্থীদের কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না। বরং আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই নতুন কার্যালয়ে পূর্বের মতোই আরও কার্যকর, স্বচ্ছ ও নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান নিশ্চিত করা হবে। তদন্ত কার্যক্রমের গতি বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে পিবিআই সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।
সেবাপ্রার্থী ও সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে নতুন ঠিকানায় সহজে যাতায়াতের জন্য নির্ধারিত লোকেশন ম্যাপ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে যে কোনো তথ্য ও সহযোগিতার জন্যপিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
যোগাযোগের জন্য ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০০২৯২৩৯ উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রশাসনিক বিষয়ে যোগাযোগের জন্য প্রদীপ কুমার গোস্বামী, পুলিশ পরিদর্শক (প্রশাসন), পিবিআই, ময়মনসিংহ-এর মোবাইল নম্বর ০১৩২০০২৯১৮৮ এবং সার্বিক তত্ত্বাবধানে থাকা মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই, ময়মনসিংহ জেলা-এর মোবাইল নম্বর ০১৩২০০২৯১৭০ প্রদান করা হয়েছে।
পিবিআই কর্তৃপক্ষ নতুন ঠিকানায় কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন এবং নিয়মিত সেবা গ্রহণের জন্য নতুন কার্যালয়ের ঠিকানা ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :