
নড়াইলের লোহাগড়ায় ২ নং লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে লাহুড়িয়া ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে লাহুড়িয়া বাজার সংলগ্ন ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমি বিগত ১৬ বছর বিএনপির সাথে থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমি সব সময় নেতাকর্মীদের পাশে থেকেছি। আমাদের নেতাকর্মীদের জামিন করিয়েছি। ২০২৪ সালের ৪ আগস্ট লোহাগড়ার সি এন্ড বি চৌরাস্তা এলাকায় অবস্থিত আমার নিজ বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর করে।
বেগম খালেদা জিয়া আমাকে ২০১৮ সালে ধানের শীষের প্রতিক দিয়েছিল। কিন্তু আপসোস হলো দিনের ভোট রাতে হয়েছিল। আমার নিজের ভোট আমি দিতে পারিনি।
এখন ভোটের পরিবেশ হয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমান আমাকে এবারও আমাকে ধানের শীষ প্রতিক উপহার দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমরাও সকলে মিলেমিশে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নড়াইল ২ আসন তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ। এজন্য সবার নিকট অনুরোধ আপনারা এবার ধানের শীষে ভোট দিন। ধানের শীষ শুধু বিএনপির প্রতীক নয়, ধানের শীষ বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতীক। শান্তি, উন্নয়ন এবং অগ্রগতির লক্ষে সকলে মিলেমিশে ধানের শীষের প্রতীকে ভোট দিন।
তিনি আরও বলেন আমি যদি এমপি হতে পারি লাহুড়িয়া থেকে লোহাগড়ার সড়ক পথ আরও প্রসস্থ করে দেওয়া হবে। এতে এই এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে লাহুড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা জি. এম কালু জমাদ্দারের সভাপতিত্বে ও লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনিরুল জমাদ্দারের সঞ্চালনায়
অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন লাহুড়িয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ওলামা দলের সভাপতি মাওলানা ফজলুল করীম। দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ সহস্রাধিক নানা শ্রেণি-পেশার উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :