‎পরিবেশ, জীববৈচিত্র্য ও নদী রক্ষার কাজের ধারাবাহিকতা প্রয়োজন: রিজওয়ানা হাসান | Daily AjKaler Kontho

‎পরিবেশ, জীববৈচিত্র্য ও নদী রক্ষার কাজের ধারাবাহিকতা প্রয়োজন: রিজওয়ানা হাসান


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
‎পরিবেশ, জীববৈচিত্র্য ও নদী রক্ষার কাজের ধারাবাহিকতা প্রয়োজন: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,  পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র রক্ষায় দীর্ঘদিনের বিরাজমান সমস্যাগুলো  সমাধানে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার গ্রহণ করেছে।  কিছু আইনের সংশোধন ও নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।  সরকার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, তথ্য ও পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নয়ন, শিল্প ও গৃহস্থালি দূষণ, লবণাক্ততা ও প্রবাহ হ্রাস মোকাবিলার গুরুত্ব দিচ্ছে।  তিনি বলেন,  পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র এবং বন ও নদী রক্ষার কাজগুলোর ধারাবাহিকতা প্রয়োজন।

‎আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ(কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) আয়োজিত জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

‎এসময় তিনি বলেন, ২০০২ সাল থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ থাকলেও এটি কার্যকর হয় নাই। কাঁচাবাজারে পলিথিন ব্যবহার হলেও সুপার শপে বন্ধ হয়েছে।  শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা করা হয়েছে এতে পুলিশকে জরিমানা ও শাস্তির ক্ষমতা দেওয়া হয়েছে।  পরিবেশ ও শব্দ দূষন প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

‎সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, ঢাকার ৫টি বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, ধলেশ্বরী এবং ৮টি বিভাগের ৮টি নদী নিয়ে প্রকল্প নেয়া হচ্ছে। এসকল নদী থেকে বর্জ্য অপসারণ ও ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, আমরা চেস্টা করছি কাজটা শুরু করে  দিয়ে যেতে।

‎বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক(বেন) এর আয়োজনে ৯-১০ জানুয়ারি জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়।  বাপা সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ফিরোজ আহমদ, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপা সহসভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম।

আজকালের কন্ঠ/আর বি