
রংপুরের তারাগঞ্জ উপজেলায় চলমান বিশেষ নিরাপত্তা অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২,এর আওতায় হাড়িয়ারকুঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) সভাপতি শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
শনিবার সন্ধ্যার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে তারাগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২- এর অংশ হিসেবে পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর ইমামপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ এই অভিযানের আওতায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে গ্রেফতারকৃত শহিদুল ইসলাম তারাগঞ্জ থানা হেফাজতে রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২- চলমান রয়েছে। এরই অংশ হিসেবে তারাগঞ্জ উপজেলাতেও নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :