
কুমিল্লা দেবিদ্বার উপজেলার বুড়িরপাড়কে কেন্দ্র করে বুড়িরপাড়, রাঘবপুর, দক্ষিণ খাইয়ের, জিন্নতপুর ও ঘোষঘর এলাকার সুশীল সমাজের উদ্যোগে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় বুড়িরপাড় শিশুপার্ক সংলগ্ন মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যা বিকাল পর্যন্ত চলমান ছিল। অনুষ্ঠানে এলাকার গুণীজন, বীর মুক্তিযোদ্ধা, সফল ব্যবসায়ী, কৃতি শিক্ষার্থী এবং প্রবাসে কর্মরত রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়া ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ মো. নাজিমুদ্দিন। সহ-সভাপতির দায়িত্ব পালন করেন ডা. গোলাম রব্বানী ও নুরুজ্জামান মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী মোহাম্মদ ইমরান হাছান ও সাবেকুন নাহার।বিশেষ আয়োজন হিসেবে ছিল ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল জলিল সরকার ও আব্দুল আলীমসহ মোট আটজন উদ্যোক্তা।
সভাপতির বক্তব্যে মো. নাজিমুদ্দিন বলেন,“আমাদের এলাকার মেধাবী, পরিশ্রমী ও সমাজে অবদান রাখা মানুষদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
উদ্যোক্তারা জানান, এলাকার ঐক্য সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনের আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
আজকালের কন্ঠ/ আর এস/এস
আপনার মতামত লিখুন :