সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণের নির্দেশ | Daily AjKaler Kontho

সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণের নির্দেশ


জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ২:৫৮ অপরাহ্ন
সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণের নির্দেশ

সাবেক সংসদ সদস্য ও বহিষ্কৃত বিএনপি নেতা শাহ্ শহীদ সারোয়ারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (তারিখ : ২১-১২-২০২৫ইং) ময়মনসিংহ ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নম্বর আমলি আদালতে জি আর মামলা নং ১৫৫/২৫–এ জামিন নিতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন সাবেক এই সংসদ সদস্য। শুনানি শেষে আদালতের বিচারক সিফাত উল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে সাবেক এমপির আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান সুজন জানান, আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এই আদেশ প্রদান করেন।

আদালত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবেই শাহ্ শহীদ সারোয়ার এ মামলায় আত্মসমর্পণ করেন। তার আইনজীবীদের পক্ষ থেকে অচিরেই উচ্চ আদালত তথা হাইকোর্টে জামিন আবেদন করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, সাবেক এমপির ঘনিষ্ঠ সূত্র ও সমর্থক নেতাকর্মীদের দাবি, উচ্চ আদালত থেকে জামিন পেলে তিনি পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তিনি জামিনে মুক্তি পাবেন।

উল্লেখ্য, শাহ্ শহীদ সারোয়ার একসময় বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ও সংসদ সদস্য ছিলেন। বিভিন্ন রাজনৈতিক ও আইনগত কারণে পরবর্তীতে তিনি দল থেকে বহিষ্কৃত হন। বর্তমান মামলাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি