হাদির মৃত্যুতে গণতান্ত্রিক সংস্কার জোটের শোক | Daily AjKaler Kontho

হাদির মৃত্যুতে গণতান্ত্রিক সংস্কার জোটের শোক


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৫, ৫:৩৯ পূর্বাহ্ন
হাদির মৃত্যুতে গণতান্ত্রিক সংস্কার জোটের শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাইযোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মর্মান্তিক মৃত্যুতে শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে গণতান্ত্রিক সংস্কার জোট। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের ও সারা দেশে ওসমান হাদির সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা এবং অবিলম্বে খুনিদের এবং তাদের পেছনের শক্তির বিচার নিশ্চিত করার দাবি জানায় দলটি।

শুক্রবার দুপুরে গণতান্ত্রিক সংস্কার জোটের পক্ষে এ বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া।

গণতান্ত্রিক সংস্কার জোট ওসমান হাদির উপর ঘটে যাওয়া এই পুরো ঘটনায় এবং সার্বিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসন, গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানায়। অবিলম্বে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত উন্নতিতে কার্যকর পদক্ষেপের দাবি জানায়।

গণতান্ত্রিক সংস্কার জোট একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে এই হত্যাকাণ্ডকে ব্যবহার করে চলমান উচ্ছৃঙ্খলতার নিন্দা ও প্রতিবাদ জানায়।

জোটের শীর্ষ নেতা নাহিদ ইসলাম, হাসনাত কাইয়ূম ও মজিবুর রহমান মঞ্জু যৌথ বিবৃতিতে বলেন, পরাজিত ও পলাতক হাসিনার খুনি-সন্ত্রাসী, ভারতীয় আগ্রাসনবাদী ও দেশের মধ্যে লুকিয়ে থাকা দোসররা মিলে দেশে একটা চরম অরাজকতা তৈরি করতে চান। দেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করতে চান। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদ বানচাল করে এদেশে অগণতান্ত্রিক তৃতীয় শক্তির উত্থান তারা করতে চান।

তাদেরই উস্কানিতে গত রাতে একাধিক পত্রিকা অফিস, শিক্ষাপ্রতিষ্ঠা‌ন ও কূটনীতিকের বাসভব‌নে হামলা হয়েছে, দেশ বরেণ্য সাংবাদিক ও জুলাইয়ের অন্যতম পক্ষশক্তি নূরুল কবিরকে নাজেহাল করা হয়েছে। এসব ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান নেতারা।

জোটের তিন শীর্ষ নেতা দেশের এই ক্রান্তিলগ্নে শোকসন্তপ্ত জনগণকে ধৈর্যধারণ করার আহ্বান জানান। খুনি, সন্ত্রাসী ও দেশবিরোধী শক্তির উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

বিবৃতিতে শরীফ ওসমান বিন হাদির এই আত্মত্যাগ যেন কোনো অপশক্তির দেশবিরোধী কর্মকাণ্ডের হাতিয়ার না হয়; সেদিকে জুলাইয়ের পক্ষের সব শক্তিকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ওসমান হাদির খুনিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানানো হয়েছে।