
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে ঝালকাঠির নলছিটিতে উপজেলা দিবস, সমৃদ্ধি মেলা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিজভী আহমেদ সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেকের সহকারী পরিচালক মোঃ রাশেদুর রেজা, এলাকা ব্যবস্থাপক মোঃ আব্দুল কুদ্দুস এবং নাচনমহল শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচনমহল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোডেক উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ তসলিম ওয়াহিদ।
আয়োজিত সমৃদ্ধি মেলায় বিভিন্ন স্টলে স্থানীয় জনগণের অংশগ্রহণে গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান, নারী ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতা বিষয়ক কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে ৩২টি ইভেন্টে মোট ১৩৬টি পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও নাচনমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় ২৪ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মেলায় মোট ১০টি বিষয়ের ওপর ১০টি স্টল প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে ঝালকাঠি সাংবাদিক ইউনিয়ন সদস্য কামরুজ্জামান সুইট কে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
বক্তারা বলেন, কোডেকের সমৃদ্ধি কর্মসূচি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও টেকসই সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি ও উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :