তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা মামলায় একজন গ্রেপ্তার | Daily AjKaler Kontho

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা মামলায় একজন গ্রেপ্তার


সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা মামলায় একজন গ্রেপ্তার

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তাঁর স্ত্রী সুবর্ণা রায়কে (৬০) নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যার ঘটনায় মোরছালিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইয়ুম তালুকদার জানান, হত্যার দুই দিন আগে মোরছালিন যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেছিলেন। তাঁর চলাফেরা ও আচরণ নিয়ে পুলিশের সন্দেহ তৈরি হলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আজ শুক্রবার মোরছালিনকে সঙ্গে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার অভিযানে নামবে পুলিশ।
গত শনিবার রাতে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামের নিজ বাড়িতে হত্যার শিকার হন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়। পরদিন সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় নিহত দম্পতির বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় মোরছালিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পরোপকারী ও শান্ত স্বভাবের এই দম্পতির এমন নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকার মানুষ। স্থানীয়দের দাবি—ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে, সঠিক তদন্তের মধ্য দিয়ে দোষীদের আইনের আওতায় আনার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পুলিশ বলছে, হত্যার রহস্য উদ্ঘাটনে তারা গুরুত্বসহকারে কাজ করছে এবং খুব শিগগিরই ঘটনার পুরো চিত্র প্রকাশ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি