আজ সন্ধ্যায় জামায়াত আমিরের শপথ নেবেন ডা. শফিকুর রহমান | Daily AjKaler Kontho

আজ সন্ধ্যায় জামায়াত আমিরের শপথ নেবেন ডা. শফিকুর রহমান


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
আজ সন্ধ্যায় জামায়াত আমিরের শপথ নেবেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬-২০২৮ মেয়াদে তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে তার আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনি নতুন কার্যকালের শপথ নেবেন। এর আগে গত ২ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে তার তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াত।

ডা. শফিকুর রহমান জামায়াতের ইতিহাসে অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামীর পর তৃতীয় নেতা হিসেবে টানা তিনবার আমিরের দায়িত্ব পালন করতে চলেছেন।

দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক তারিখ রাতে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নির্বাচন কমিশন জানায়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের গোপন ব্যালটে ভোটগ্রহণ হয় এবং ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে শফিকুর রহমান ২০২৬-২০২৮ কার্যকালের জন্য পুনরায় আমির নির্বাচিত হন।

গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতে ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্যরা সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচন করেন এবং নির্বাচিত আমিরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্তি সম্পন্ন করতে হয়।

ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৩ সালে সিলেট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষাজীবন শেষে চিকিত্সা পেশার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হন, ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যুক্ত হন। ২০১৬ সালে তিনি দলের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন, এরপর ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার এবং ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হন।

আজকালের কন্ঠ/আর বি